অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, সেটা চাই না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের ভূখণ্ডও যেন কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বাজেট-পরবর্তী সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সদ্য সমাপ্ত জাতীয় বাজেট নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি।
ভারতের প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, ‘ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়?’—এই প্রশ্নের উত্তরও বিবেচনায় নেওয়া উচিত। তার মতে, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন মূল্যায়নের সময় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ভারত কীভাবে নিয়েছে, তা দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই বোঝা যায়।
সদ্য পাস হওয়া জাতীয় বাজেট প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত প্রথম বাজেট। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় বাজেটে প্রধান বিরোধী দল শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
চিফ হুইপ জানান, সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দলের জন্য ২৬ শতাংশ সময় বরাদ্দ থাকলেও তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে তারা প্রায় ৩১ শতাংশ সময় বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। বিরোধী দলের সদস্যরা ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত বক্তব্য দিয়েছেন এবং বিরোধী দলের নেতার বক্তব্যের জন্যও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, সরকার বিরোধী দলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে এবং তাদের মতামত প্রকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত করেছে। এমনকি সংসদীয় ইতিহাসে এই প্রথম বিরোধী দলের নেতাই স্পিকারের কাছে গিলোটিন প্রস্তাব আনার অনুরোধ করেন।
পরে বিরোধী দল তাদের সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নেয় উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাজেট নিয়ে প্রয়োজনীয় ও গঠনমূলক আলোচনা সম্পন্ন হয়েছে বলে বিরোধী দলও মনে করেছে।
আর/

