অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
মকবুল হোসেন হত্যা মামলার রিমান্ড শুনানিতে সাবেক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কর্মকর্তা আফজাল নাছের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার অভিযোগ ভিত্তিহীন; বরং তিনি নিজেই বৈষম্যের শিকার।
রোববার (৫ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানিকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে মকবুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আফজাল নাছের ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন এবং অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় সম্পৃক্ততা রয়েছে। তিনি ইউনাইটেড হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিদের চিকিৎসা সংক্রান্ত বিষয়েও ভূমিকা রাখতেন বলে অভিযোগ করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আফজাল নাছের ইউনাইটেড হাসপাতালে কর্মরত ছিলেন না এবং ওয়ান-ইলেভেনের ঘটনাতেও তার কোনো সম্পৃক্ততা নেই।
শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন আফজাল নাছের। তিনি বলেন, ২০০৯ সালে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২৬ বছর চাকরি করার পর তাকে পেনশন ছাড়াই বিদায় করা হয়।
তিনি আরও বলেন, ইউনাইটেড হাসপাতালে তার কোনো চাকরি ছিল না এবং খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ঘটনায় তার কোনো ভূমিকা নেই।
আফজাল নাছের আদালতে বলেন, “আমি নিজেই বৈষম্যের শিকার। তাহলে কেন আমি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইব? যদি আমার সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক।”
শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আদালতে আফজাল নাছেরের দাবি: “বৈষম্যের শিকার আমি, হাসিনাকে ক্ষমতায় রাখার প্রশ্নই ওঠে না”
মকবুল হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর; নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন সাবেক ডিজিএফআই কর্মকর্তা
আফজাল নাছের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন
৩০
