গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোরদার করেছে সৌদি আরব। এ লক্ষ্যে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি নাগরিকদের জন্য দ্রুত ও বিস্তৃত সহায়তা নিশ্চিত করতে আকাশ, সমুদ্র ও স্থলপথে ত্রাণ পরিবহন জোরদার করার নির্দেশ দিয়েছেন।
গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে নেওয়া এই উদ্যোগ বেসামরিক জনগণের সংকট কমাতে সৌদি আরবের চলমান প্রচেষ্টারই প্রতিফলন।
সৌদি রাজকীয় দরবারের উপদেষ্টা এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএস রিলিফ)-এর প্রধান ড. আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-রাবিয়া বলেন, এই পদক্ষেপ জরুরি পরিস্থিতিতে মানবিক দায়িত্ব পালনে সৌদি আরবের অঙ্গীকার এবং সহায়তা কার্যক্রমে তাদের ধারাবাহিক সম্পৃক্ততাকে স্পষ্ট করে।
তিনি জানান, গাজার জন্য সৌদি সহায়তা কেএস রিলিফের তত্ত্বাবধানে একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর আওতায় চিকিৎসা ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি খাদ্য বিতরণ, অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের একাধিক কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
ড. আল-রাবিয়া আরও বলেন, সৌদি মানবিক উদ্যোগের মধ্যে গাজার অভ্যন্তরে ত্রাণ প্রকল্প বাস্তবায়ন, ত্রাণবাহী কাফেলা, খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম, আশ্রয়সামগ্রী এবং বিমানের মাধ্যমে সহায়তা পাঠানো অন্তর্ভুক্ত রয়েছে। এসব কার্যক্রম আন্তর্জাতিক অংশীদার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, চলমান সংকটকালে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন সৌদি আরবের অগ্রাধিকার। পাশাপাশি সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সৌদি আরবের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ হিসেবে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: আল আরাবিয়া।
আবুআ/

