ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে নিজেদের দুইটি পরিবহন বিমান ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধার অভিযানের সময় বিমান দুটি ইরানের দুর্গম একটি ঘাঁটিতে অকেজো হয়ে পড়লে সংবেদনশীল সরঞ্জাম শত্রুর হাতে পড়া ঠেকাতে সেগুলো ধ্বংস করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত ওই পাইলট—যিনি কর্নেল পদমর্যাদার একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা—দক্ষিণ-পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায় ৩৬ ঘণ্টার বেশি সময় আত্মগোপনে ছিলেন। পরে মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে কুয়েতে নিয়ে যায় চিকিৎসার জন্য। উদ্ধার অভিযানে অতিরিক্ত বিমান পাঠিয়ে সকল মার্কিন সেনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এদিকে উদ্ধার অভিযানের সময় মার্কিন কমান্ডো ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি কনভয়ের ওপর মার্কিন যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং পুলিশ দাবি করেছে, ইসফাহানের কাছে একটি মার্কিন সি-১৩০ সহায়তা বিমান ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সূত্র বিমানটিকে জ্বালানি সরবরাহকারী হিসেবে উল্লেখ করেছে। তবে এই দাবি এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
উল্লেখ্য, চলমান সংঘাতের মধ্যে ইরান একাধিকবার মার্কিন বিমান ভূপাতিত করার দাবি করেছে, যার অনেকগুলোই এখনো যাচাই করা সম্ভব হয়নি। সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
আর/

