অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে।
ইরান সরকারের আমন্ত্রণে আগামী ৩ জুলাই দলটি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবে। প্রতিনিধি দলটি আগামী ৯ জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবে।
মঙ্গলবার (৩০ জুন) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার সঙ্গে প্রতিনিধি দলে আরও রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এস এম খালিদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করতে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবে।
সফরকালে দলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ আরও কয়েকজন উচ্চপর্যায়ের প্রতিনিধি ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আর/

