আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।
এ লক্ষ্যে রাশিয়ায় নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা গুল হাসান হাসান এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ নজরুল ইসলাম সম্প্রতি এক বৈঠকে মিলিত হন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মস্কোতে অবস্থিত আফগান দূতাবাস এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানায়। তবে বৈঠকটি ঠিক কবে এবং মস্কোর কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বৈঠকে আফগান রাষ্ট্রদূত তার দেশের বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসায়িক পরিবেশ তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বেসরকারি খাত, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন এবং বিভিন্ন কোম্পানি আফগানিস্তানে বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে আগ্রহী হবে।
দুই দেশের রাষ্ট্রদূত অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কারিগরি খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
আফগান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে উভয় পক্ষ পারস্পরিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়ন এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ

