পাকিস্তানের রাজনীতিতে এবার কি নতুন এক ইমরান খানের জন্ম হতে যাচ্ছে?

by Hasan Al-Mahmud

মোল্লা খালিদ সাইফুল্লাহ >>

পাকিস্তানের ক্ষমতার মসনদে বসে আছেন দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান আসিম মুনীর। কিন্তু এবার তাঁর কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন এমন একজন, যিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মাওলানা ফজলুর রহমান।

বিজ্ঞাপন
banner

একদিকে সেনাপ্রধান আসিম মুনীর, অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান। পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করছেন মাওলানা। আর এই সংঘাতের পরিণতি কী হতে পারে, তা নিয়ে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ।

পাকিস্তানের বর্তমান ক্ষমতাকাঠামোতে সেনাপ্রধান আসিম মুনীরের হাতে যে ক্ষমতা ও প্রভাব রয়েছে, তা অনেক ক্ষেত্রেই নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতাকেও ছাড়িয়ে যায়। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং ক্ষমতার অন্যতম প্রধান নিয়ন্ত্রক।

মাওলানা ফজলুর রহমানের সঙ্গে এই সামরিক এস্টাবলিশমেন্টের সংঘাত শুরু হয় ২০২৪ সালের নির্বাচনের পর থেকেই। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এরপর থেকেই মাওলানা সরাসরি সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেন।

তাঁর একটি বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ,

‘আমি একজন রাজনীতিবিদ হিসেবে যেহেতু উর্দি পরতে পারি না, তাহলে উর্দি পরা ব্যক্তিরাও রাজনীতি করতে পারবেন না।’

সম্প্রতি পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে ১২ থেকে
১৫ টি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব সামনে এসেছে। এর পেছনে সামরিক এস্টাবলিশমেন্টের রাজনৈতিক হিসাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রদেশগুলোকে ছোট ছোট প্রশাসনিক ইউনিটে বিভক্ত করা হলে আঞ্চলিক রাজনৈতিক শক্তির প্রভাব কমতে পারে, আর কেন্দ্রীয় সামরিক কর্তৃত্বের জন্য ক্ষমতা ধরে রাখা সহজ হতে পারে।

মাওলানা ফজলুর রহমান এই প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। তাঁর দল বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখন যে সংঘাতটি সামনে আসছে, সেটি কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি দলের বিরোধ নয়। এটি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সামরিক এস্টাবলিশমেন্টের দ্বন্দ্ব।

একদিকে সেনাপ্রধান আসিম মুনীর, অন্যদিকে মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে অনেক রাজনৈতিক নেতাকেই চরম মূল্য দিতে হয়েছে। এই সংঘাত যদি আরও গভীর হয়, আর পাকিস্তানে আবারও সেনাশাসন জারি হয়, তাহলে মাওলানা ফজলুর রহমানকেও হয়তো আরেক ইমরান খানের মতো রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

পাকিস্তানের রাজনীতিতে শেষ পর্যন্ত কে কাকে পরাস্ত করবে, সেটি সময়ই বলে দেবে। তবে মাওলানা ফজলুর রহমান যে এবার সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুকে চ্যালেঞ্জ করছেন, তা স্পষ্ট। কঠিন বিপদ আসলেও মাওলানা যদি সামরিক এস্টাবলিশমেন্টকে ভাঙতে পারেন, তাহলে এটা হবে পাকিস্তানের জন্য বড় বিজয়।

লেখক: তরুণ রাজনীতিবিদ

banner

এ জাতীয় আরো সংবাদ