আলেম সমাজের ওপর বিগত ১৭ বছরে চালানো নির্যাতন-নিপীড়ন, অপমান ও হত্যাকাণ্ডের কথা ভুলে যাওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, শাপলা চত্বরের ঘটনা এখনো মানুষের স্মৃতিতে অমলিন। এ ছাড়া ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হওয়া আন্দোলনেও আলেম সমাজের ওপর বর্বর নির্যাতন ও গুলি চালানো হয়েছিল।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে আলেম সমাজকে যেভাবে অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। শাপলা চত্বরের ঘটনা এখনো ভুলে যাওয়ার মতো নয়। নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজ যে ভূমিকা রেখেছিল, সে সময় তাঁদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছিল এবং গুলি করা হয়েছিল।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে যারাই ধর্মকে নিয়ে, আপনাদের নিয়ে রাজনীতি করেছে, তারা অত্যন্ত ঘৃণিত ও জঘন্য অপরাধ করেছে।’
আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকার
ফরিদাবাদ মাদ্রাসা এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, ‘আপনারা আমাকে নির্বাচন করে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ইনশা আল্লাহ, কথা দিচ্ছি, একজন মুসলমানের সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, তা আমি সব সময় আলেম-ওলামা ও আমাদের মুরুব্বিদের পরামর্শ নিয়ে পালন করব।’
তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান, যাতে প্রতিবেশী কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে কিংবা দেশকে দাস রাষ্ট্রে পরিণত করতে না পারে।
বক্তব্যের একপর্যায়ে নিজের প্রয়াত বাবার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান ইশরাক হোসেন। মহান আল্লাহ যেন তাঁর বাবার ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

