আল-হাইআতুল উলয়ার সনদ উত্তোলনে জরুরি নির্দেশনা

১৪৩৮ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের সনদ ও নম্বরপত্র সংগ্রহে মানতে হবে নতুন নিয়ম

by ABDUR RAHMAN
আল-হাইআতুল উলয়ার সনদ উত্তোলনে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে জরুরি বিজ্ঞপ্তি ও নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। ১৪৩৮ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত অনুষ্ঠিত ১০টি পরীক্ষার সনদ উত্তোলনের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন
banner

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের মূল ও সাময়িক—উভয় ধরনের সনদ ঢাকার উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় অবস্থিত আল-হাইআতুল উলয়ার প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যালয়ের কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪৩ থেকে ১৪৪৫ হিজরি পর্যন্ত সময়ের মূল সনদ ও নম্বরপত্র ইতোমধ্যে বিভিন্ন মাদরাসায় পাঠানো শুরু হয়েছে। আর ১৪৪৬ ও ১৪৪৭ হিজরির সনদ প্রস্তুতের কাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে।

তবে ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরি পর্যন্ত পরীক্ষার্থীদের সনদ সংগ্রহের আগে অনলাইনে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে। পুরোনো সফটওয়্যারে তথ্যের ঘাটতি থাকায় এসব পরীক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদনের সময় বাংলা, ইংরেজি ও আরবি—তিন ভাষায় পরীক্ষার্থীর নাম এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের তথ্য দিতে হবে।

এ ছাড়া সাময়িক সনদ সংগ্রহের জন্য অনলাইনে আবেদন করার পাশাপাশি সরাসরি প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

সনদ বা নম্বরপত্রে কোনো ধরনের ভুল থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় সংশোধনের আবেদন করা যাবে। এ জন্য ২০০ টাকা ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তবে পরীক্ষার্থী কিংবা তার বাবা-মায়ের সম্পূর্ণ নাম পরিবর্তনের সুযোগ থাকবে না; কেবল আংশিক সংশোধনের আবেদন করা যাবে।

বিদেশে অবস্থানরত পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসী শিক্ষার্থীরা মাদরাসার মুহতামিমের প্রত্যয়নপত্রসহ মনোনীত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিনিধির পরিচয়পত্র এবং মাদরাসার সিল ও স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র জমা দেওয়া আবশ্যক।

ছাত্রীদের সনদ সংগ্রহের ক্ষেত্রে তাদের ‘মাহরাম’ ব্যক্তির মাধ্যমে সনদ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রেও প্রয়োজনীয় পরিচয়পত্র ও প্রত্যয়নপত্রের শর্ত প্রযোজ্য হবে।

সনদ ও নম্বরপত্র সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য বা সহায়তার জন্য আল-হাইআতুল উলয়ার হটলাইন ০৯৬১১-৬৩৪৭৩৪ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯৭০-৭৬৩১৭৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ