অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াতকর্মীর জীবনোদ্দেশ্য। আল্লাহর জমিনে সব ধরনের জুলুমের অবসান, মানবতার কল্যাণ এবং আল্লাহর হুকুমতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে ঈমানের দাবি নিয়ে প্রতিটি কর্মীকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলবুল বলেন, নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের পাশাপাশি জামাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠন করতে হবে। সালাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, সার্বক্ষণিক জিকির ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে প্রত্যেক জামায়াতকর্মীকে নিজের ঈমান মজবুত করার চেষ্টা করতে হবে। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
শিক্ষাশিবিরে কর্মীদের ব্যক্তিগত আমল, জ্ঞানচর্চা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ইসলামী আদর্শের আলোকে নিজেদের প্রস্তুত করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। জোন টিমের সদস্য মাওলানা নেছার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান এবং গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার।
এ ছাড়া সূত্রাপুর, কোতয়ালী ও গেন্ডারিয়া জোনের সব সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা দিনব্যাপী এ শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন।
আর/

