নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন মেয়র মামদানি

আইসিসির অভিযোগের প্রসঙ্গ তুলে হেগে বিচারের পক্ষে অবস্থান; মন্তব্যের জেরে ইসরাইলের কড়া প্রতিক্রিয়া, পাল্টা জবাব রাষ্ট্রদূতের

by ABDUR RAHMAN
নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া সম্ভব কি না, সেই আইনি বিষয়টি খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটি প্রশাসন। এমনটাই জানিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। তবে তিনি স্পষ্ট করেছেন, বিষয়টি এখনও আইনি পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে নিবিড় আলোচনা চলছে।

বিজ্ঞাপন
banner

শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, তার বিশ্বাস নেতানিয়াহুর স্থান আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), দ্য হেগে। তিনি দাবি করেন, আইসিসিতে অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী নেতানিয়াহুর বিচার হওয়া উচিত।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে কি না। জবাবে মামদানি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীনেই পরিচালিত হলেও একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনগত ক্ষমতা মেয়রের রয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্টতা নেই। তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি মতামত নেওয়া হচ্ছে।

মেয়র আরও বলেন, গত কয়েক বছরে নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক মানুষ মনে করেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় বিচার হওয়া উচিত। সেই কারণেই তিনি হেগে বিচারের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

মামদানির এই মন্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অভিযোগ করেন, নিউইয়র্কের মেয়র নিজের দায়িত্ব পালনের পরিবর্তে ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে শত্রুতা উসকে দিতে এবং আলোচনায় আসতে চাইছেন।

ড্যানন বলেন, এতে কোনো পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্ধারিত সময়েই নিউইয়র্কে আসবেন, জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন এবং ইসরাইলের অবস্থান ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার অধিকারের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। তিনি আরও বলেন, যদি কাউকে গ্রেফতার করতেই হয়, তাহলে তা হওয়া উচিত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে।

এর আগে নিউইয়র্কের একটি রেডিও অনুষ্ঠানে নেতানিয়াহু নিজেও মামদানির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মামদানি হামাসকে সমর্থন করেন এবং মন্তব্য করেন, “আমার মনে হয়, গোপনে তিনি আমেরিকাকে ঘৃণা করেন।”

সূত্র: আল জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ