বন্যাদুর্গত চট্টগ্রামের দস্তিদারহাট, কেওচিয়া ও সাতকানিয়া পরিদর্শনে মামুনুল হক, ত্রাণ কার্যক্রম জোরদারের আহ্বান

বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন; দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার, বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান।

by ABDUR RAHMAN
বন্যাদুর্গত চট্টগ্রামের পরিদর্শনে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

চট্টগ্রামের দস্তিদারহাট, কেওচিয়া ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। সফরকালে তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতি ও জরুরি প্রয়োজন সম্পর্কে খোঁজ নেন এবং সংগঠনের চলমান ত্রাণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন
banner

পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “এই দুর্যোগের সময়ও আপনারা একা নন। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের পাশে রয়েছে এবং ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে তিনি সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের প্রতি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আমীরে মজলিসের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরুদ্দিন মুনির, মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। তারা বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের দ্রুত দুর্ভোগ লাঘব এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ