আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে নাহিদ-হাসনাত, বেড়িবাঁধ নিয়ে ক্ষোভ

বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির নেতারা।

by ABDUR RAHMAN
আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে নাহিদ-হাসনাত

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন
banner

রোববার দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দুর্যোগের এই সময়ে মানুষ কষ্টের মধ্যে রয়েছে। যে কারণেই হোক, সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না। এখন কারও ওপর দোষ চাপানোর চেয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।

তিনি দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় চট্টগ্রামের উপকূলীয় এলাকার বেড়িবাঁধের দুরবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আনোয়ারার বেশ কিছু এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধের সমস্যার কারণেই বারবার কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যথাযথ তৎপরতা দেখা যায়নি এবং অনেক পরিবার এখনো পর্যাপ্ত সহায়তা পায়নি।

তিনি বলেন, অতীতে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে বরাদ্দ করা অর্থের অপব্যবহার হয়েছে। এবার বাজেটে বেড়িবাঁধের জন্য বরাদ্দ করা অর্থ যেন দুর্নীতি বা লুটপাটের শিকার না হয়, সে বিষয়ে তারা নজর রাখবেন। সংসদে বিষয়টি তুলে ধরে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারের দাবি জানানো হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ অন্যান্যরা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ