আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ভোরে হওয়া এই ভূমিকম্পের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বলে জানানো হয়েছে।
এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানায়, বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার এই কম্পনের ফলে অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী কিছু এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশাখাপত্তনম শহরের গাজুয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেন।
এ ছাড়া অন্ধ্র প্রদেশের আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো ধরনের প্রাণহানি, ভবন ক্ষতি বা অন্য কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
আর/

