আমেরিকার সমকামী যাত্রী বহনকারী বিলাসবহুল জাহাজকে বন্দরে ভিরতে দিল না তুরষ্ক

'সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের' সঙ্গে অসামঞ্জস্যের অভিযোগ; রুট পরিবর্তন করে মিশর ও গ্রিসে যাচ্ছে স্কারলেট লেডি

by ABDUR RAHMAN
আমেরিকার সমকামী যাত্রী বহনকারী বিলাসবহুল জাহাজকে বন্দরে ভিরতে দিল না তুরষ্ক

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

তুরস্ক কর্তৃপক্ষ প্রায় দুই হাজার সমকামী যাত্রী বহনকারী একটি মার্কিন প্রমোদতরিকে দেশের বন্দরে নোঙর করার অনুমতি দেয়নি। কর্তৃপক্ষের দাবি, জাহাজটির যাত্রীদের পরিচয় দেশের ‘সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন
banner

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেস পরিচালিত স্কারলেট লেডি নামের প্রমোদতরিটি যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাটলান্টিস ইভেন্টস ভাড়া নিয়েছিল। এটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য বিশেষভাবে আয়োজন করা ১০ দিনের একটি সমুদ্রভ্রমণ, যা ‘অল-গে ভয়েজ’ নামে পরিচিত।

রোববার (৫ জুলাই) গ্রিসের এথেন্স থেকে যাত্রা শুরু করা জাহাজটির মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের কুসাদাসি বন্দরে এবং পরে ইস্তাম্বুলে নোঙর করার কথা ছিল। তবে নির্ধারিত সফরের আগেই তুরস্ক কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে।

এক বিবৃতিতে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাহাজটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছে, যাদের কার্যক্রম ও পরিচয় দেশের সামাজিক কাঠামো এবং নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এ ধরনের আয়োজনের অংশগ্রহণকারীদের তুরস্কে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানানো হয়।

অন্যদিকে, অ্যাটলান্টিস ইভেন্টসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিচ ক্যাম্পবেল এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, গত ২৫ বছরে তাদের আয়োজিত ক্রুজ ১৩ বার ইস্তাম্বুল ও কুসাদাসিতে নোঙর করেছে। কিন্তু প্রতিষ্ঠানের ৩৬ বছরের ইতিহাসে এবারই প্রথম শুধুমাত্র যাত্রীদের পরিচয়ের কারণে কোনো দেশে প্রবেশে বাধা দেওয়া হলো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ক্যাম্পবেল বলেন, কোনো দেশ যদি পর্যটকদের পরিচয়ের ভিত্তিতে প্রবেশাধিকার নির্ধারণ করে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষায়, এ সিদ্ধান্ত তাদের জন্য অপ্রত্যাশিত এবং হতাশাজনক।

জাহাজটিতে পারফর্ম করার কথা ছিল ৭৭ বছর বয়সী ব্রডওয়ে তারকা পাত্তি লুপোনের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধুমাত্র জাহাজে কারা আছেন, সেই কারণেই তুরস্কে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সফর বাতিল হয়নি; পরিবর্তিত রুটে যাত্রা অব্যাহত থাকবে এবং তিনি নির্ধারিত পরিবেশনায় অংশ নেবেন।

তুরস্কের সিদ্ধান্তের পর আয়োজক প্রতিষ্ঠান জানায়, জাহাজটির রুট পরিবর্তন করা হয়েছে। এখন এটি তুরস্কের পরিবর্তে মিশরের কায়রো এবং গ্রিসের ক্রিট দ্বীপে যাত্রা করবে। তবে এ বিষয়ে তুরস্ক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো মন্তব্য জানানো হয়নি।

তুরস্কে এলজিবিটিকিউ অধিকার নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা দীর্ঘদিনের। দেশটিতে সমকামিতা আইনত নিষিদ্ধ না হলেও ২০১৫ সাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে ইস্তাম্বুলে প্রাইড মার্চ নিষিদ্ধ রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন সময় এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ