সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে ব্যর্থতা নিয়ে সরকারের সমালোচনায় এবি পার্টি

ভারতকে নীতি পরিবর্তনের আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি তুলে ধরার দাবি

by ABDUR RAHMAN
সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে ব্যর্থতা নিয়ে সরকারের সমালোচনায় এবি পার্টি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশের সীমান্ত এলাকায় পুশ-ইন এবং সীমান্ত হত্যার ঘটনা বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিজ্ঞাপন
banner

দলটির দাবি, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং কূটনৈতিক সৌজন্যের চরম লঙ্ঘন।

রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়। সেখানে ‘সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক বিষয়টি তুলে ধরা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, পুশ-ইনের মাধ্যমে মানুষকে সীমান্তের শূন্য রেখায় ঠেলে দেওয়া অমানবিক ও নৃশংস আচরণ। তার দাবি, বাংলাদেশ সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে নির্বাচিত সরকার এলে সহযোগিতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, সীমান্তে দীর্ঘদিন ধরে চলা হত্যাকাণ্ড এবং পুশ-ইনের মতো ঘটনার বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। কিন্তু সীমান্তে চলমান পরিস্থিতি সেই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি অভিযোগ করেন, অভিবাসী নাগরিকদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো আচরণ নয়।

নেতারা দাবি করেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবিকে আধুনিকায়ন করা এবং সীমান্তবর্তী জনগণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থা নেওয়া জরুরি।

এছাড়া গত কয়েক দশকে সীমান্তে নিহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়।

তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সীমান্ত পরিস্থিতি পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ