অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
পবিত্র আল-কোরআন মানবজাতির জন্য শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার একমাত্র নির্ভরযোগ্য দিকনির্দেশনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, পৃথিবীর কোনো অপশক্তিই কোরআনের আলো নিভিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
রোববার (১০ মে) ‘কোরআন দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, যুগে যুগে ইসলামবিদ্বেষীরা পবিত্র কোরআনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু মহান আল্লাহ নিজ দায়িত্বে তার কিতাব সংরক্ষণ করেছেন।
তিনি বলেন, কোরআনের মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং ইসলামের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতি বছর ১১ মে ‘কোরআন দিবস’ পালন করা হয়। দিনটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পবিত্র কোরআনের সম্মান রক্ষায় এ দেশের ঈমানদার ছাত্র-জনতা অতীতে যেভাবে রাজপথে নেমেছিল, তা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে কোরআনের শিক্ষা, ইতিহাস ও আদর্শ সঠিকভাবে তুলে ধরতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়মুক্ত কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব।
বিবৃতিতে তিনি দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের পবিত্র কোরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের আহ্বান জানান। পাশাপাশি ১১ মের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
আর/

