অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আর বিজনেস বা এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণের সুযোগ থাকছে না; তাদের ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
এই নির্দেশনার পেছনে রয়েছে সরকারি ব্যয় কমানোর বৃহত্তর উদ্যোগ। বিশেষ করে বৈদেশিক মুদ্রার চাপ কমানো এবং অপ্রয়োজনীয় খরচ সীমিত করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা একটি অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তাদের জন্য বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধা ভোগের বিধান ছিল। নতুন নির্দেশনায় সেই কাঠামোয় পরিবর্তন এনে ভ্রমণের ক্ষেত্রে ব্যয়সাশ্রয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
স্মারকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল জারি করা একটি পত্রের আলোকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এ আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং তা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয় সংকোচনের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
আর/

