জামায়াত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, নতুন প্রজন্মকে নতুন ইতিহাস দিতে চাই: গোলাম পরওয়ার

কুমিল্লার শ্রমিক সমাবেশে মুক্তিযুদ্ধ, গঠনতন্ত্র পরিবর্তন ও রাজনৈতিক বিতর্ক নিয়ে বক্তব্য

by ABDUR RAHMAN
কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত এবং বর্তমান জামায়াত এক নয়। সময়ের সঙ্গে সঙ্গে দলটির গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে একাধিক পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান আমলের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন ছিল। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাতেই জামায়াতে ইসলামীও নিজেকে সংশোধন করেছে।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, দলটির বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এমনকি সদস্য পদ পেতে হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আনুগত্য এবং আত্মত্যাগের স্বীকৃতি থাকা বাধ্যতামূলক।

কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করে এমন পুরনো বিতর্ক টেনে আনা দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিতে হলে ইতিহাস নিয়ে অযথা বিভাজন না করে ঐক্য গড়ে তুলতে হবে।

মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ প্রসঙ্গে তিনি বলেন, এই বিলের কিছু অংশ বিভাজনমূলক হতে পারে এবং তা সংশোধন করা প্রয়োজন। তার মতে, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিতর্ক জিইয়ে রেখে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই দেশপ্রেমের অংশ নয়।

তিনি আরও মন্তব্য করেন, সাম্প্রতিক সংসদীয় আলোচনায় প্রধান ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে মিল দেখা গেছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সহকারী সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকার।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ