অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় পরিদর্শনে যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।
হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান চিকিৎসা ব্যবস্থার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি হাসপাতালের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে হাম পরিস্থিতি দেখতে এসেছেন এবং বাস্তব চিত্র উদ্বেগজনক। হাসপাতালের শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সংসদে উত্থাপন করবেন।
তিনি আরও অভিযোগ করেন, পুরো স্বাস্থ্যখাতে নাজুক অবস্থা বিরাজ করছে। হাম চিকিৎসার জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা নেই বলেও দাবি করেন তিনি। সরকারের কার্যক্রম কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে তিনি আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্পেও যান এবং তেলের সংকট, দীর্ঘ লাইন ও জনদুর্ভোগের বিষয়গুলো খোঁজ নেন। এ বিষয়ে তিনি সরকারের দায়িত্বহীনতার সমালোচনা করেন।
আর/

