বিদ্যুৎ সাশ্রয় করতে রবিবার থেকে অফিস ও মার্কেট সন্ধ্যার আগেই বন্ধের নির্দেশ

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকার নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

এই সময়সূচি রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকলেও নতুন নিয়মে প্রতিদিন এক ঘণ্টা কম সময় অফিস কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

এই সিদ্ধান্তগুলো গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়।

এদিকে, জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ বিভাগ একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানির মাসিক বরাদ্দ ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে।

এছাড়া সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদক্ষেপগুলো দেশের জ্বালানি ব্যবহার কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে বলে আশা করছে সরকার।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ