সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় অবস্থিত কুরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কুরআনের একটি অনন্য কপি। বিশাল এই কুরআন ইতোমধ্যেই আকারের দিক থেকে বিশ্ব রেকর্ড গড়ে স্থান করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ।
জাদুঘর সূত্রে জানা গেছে, কুরআনটির আকার প্রায় ৩১২ × ২২০ সেন্টিমিটার এবং এতে রয়েছে ৭০০ পৃষ্ঠা। এর সুবিশাল আকৃতি ও শিল্পনৈপুণ্যের জন্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় কুরআন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এই কপিটি তৈরি করা হয়েছে দশম হিজরি শতাব্দীর (১৬শ শতাব্দী) একটি ঐতিহাসিক কুরআনের আদলে। মূল কপিটির আকার ছিল ৪৫ × ৩০ সেন্টিমিটার। এতে সুরাগুলো লেখা হয়েছে সুলুস হস্তলিপিতে, আর সুরা আল-ফাতিহা নাসখ লিপিতে। যা সে সময়কার ক্যালিগ্রাফি শিল্পের সৌন্দর্য ও বৈচিত্র্যের উজ্জ্বল নিদর্শন। মূল ঐতিহাসিক কপিটি বর্তমানে সংরক্ষিত রয়েছে শাহ আবদুল আজিজ ডিজিটাল লাইব্রেরি কমপ্লেক্স-এ।
বিশাল এই কুরআনের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে সূক্ষ্ম অলংকরণ, মনোমুগ্ধকর নকশা ও দৃষ্টিনন্দন বাঁধাই শিল্পের ছাপ। তাহজিব ও ঐতিহ্যবাহী ইসলামী শিল্পকলার অপূর্ব সমন্বয় এটিকে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং এক ঐতিহাসিক শিল্পকর্মে পরিণত করেছে।
উল্লেখ্য, কুরআনটির মূল সংস্করণ ১৩০০ হিজরি (১৮৮৩ খ্রিস্টাব্দ) সালে সম্পন্ন হয়। সংরক্ষিত সেই ঐতিহাসিক কপিটি আজও মুসলিম বিশ্বের জন্য পবিত্র কিতাব সংরক্ষণ এবং ইসলামী শিল্প-ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষ্য হয়ে রয়েছে।
এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনী ইতোমধ্যেই দেশ-বিদেশের দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ছে।
সূত্র: আল আরাবিয়া।
আবুআ/

