ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর আংশিক) আসনে দিনের মাঝামাঝি সময়ে কিছু কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ জানান।
মামুনুল হক বলেন, সকাল থেকে পরিবেশ শান্তিপূর্ণ ছিল, তবে দুপুরের পর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের কিছু কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার খবরও আমরা পেয়েছি। তবে, ফলাফল যাই হোক, জনগণের রায় আমরা মেনে নেব বলে ঘোষণা দেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এই নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার গণভোট অনুষ্ঠিত হয়েছে।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবার সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি কেন্দ্রে জালভোট এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আর/

