প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শায়খ আহমাদুল্লাহ, জাকাত বোর্ড পুনর্গঠন

ধর্মমন্ত্রী ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে পাঁচ থেকে সাত সদস্যের কমিটি গঠন হবে

by ABDUR RAHMAN

বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বিজ্ঞাপন
banner

বৈঠকের পর শায়খ আহমাদুল্লাহ বলেন, “বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

জানা গেছে, জাকাত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ৫ থেকে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। সম্ভাব্য কমিটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামারা অন্তর্ভুক্ত থাকতে পারেন।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “জাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে সরাসরি কাজে লাগানো সম্ভব—এসব বিষয়ে মতামত ও পরামর্শ নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।”

সূত্র জানায়, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন সে বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় নাম প্রস্তাব করবে। এরপর জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে কমিটি প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে।

এর আগে গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সরকার মনে করছে, পরিকল্পিত ও কার্যকর জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে তা দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ