অনলাইন ডেস্ক>>
আজ (০৬ মার্চ ২৬ঈ) শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রীয় পুরস্কারের কাঠামোর মধ্যে ট্রান্সজেন্ডার পরিচয়কে পৃথকভাবে স্বীকৃতি দিয়ে পুরস্কারের ব্যবস্থা করা দেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সংস্কৃতি ও নৈতিক আদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পুরস্কার কখনো এমন কোনো ধারণা বা সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে না যা সমাজে নৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতির ধর্মীয় চেতনার সঙ্গে সংঘাত তৈরি করে। জাতীয় যুব পুরস্কার মূলত দেশের তরুণ সমাজকে নৈতিকতা, আদর্শ, সৃজনশীলতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য প্রবর্তিত। সেখানে বিতর্কিত ও সমাজবিরোধী পরিচয়ের ভিত্তিতে আলাদা ক্যাটাগরি তৈরি করা জাতির মূল্যবোধের সঙ্গে এক ধরনের স্পষ্ট সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে এই ধরনের স্বীকৃতি প্রদান করা হলে তা দেশের তরুণ প্রজন্মের সামনে ভুল বার্তা দেবে এবং সমাজে নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়াবে। কোনোভাবেই রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে এমন একটি বিতর্কিত বিষয়কে বৈধতা দেওয়ার সুযোগ থাকতে পারে না।
নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন—জাতীয় যুব পুরস্কার ২০২৬–এর বিজ্ঞপ্তিতে ট্রান্সজেন্ডার ক্যাটাগরি সংযোজনের সিদ্ধান্ত কোনো ধরনের বিবেচনা ছাড়াই অবিলম্বে বাতিল করতে হবে। দেশের ও জাতির ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ তা কখনো মেনে নেবে না। সরকারকে অবিলম্বে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করে জাতীয় যুব পুরস্কার থেকে ট্রান্সজেন্ডার ক্যাটাগরি সম্পূর্ণভাবে বাদ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

