পাকিস্তানের প্রখ্যাত কাওয়াল শিল্পী আমজাদ সাবরির কাওয়ালি পরিবেশনাকে ঘিরে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছেন তার পুত্র মুজাদ্দিদ আমজাদ সাবরি। তার দাবি, ফ্রান্সে এক অনুষ্ঠানে আমজাদ সাবরির কাওয়ালি শুনে প্রায় ৪০০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মুজাদ্দিদের ভাষ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে তার বাবা বিখ্যাত কালাম ‘ইয়া মুহাম্মাদ নূরে মুজাস্সাম, ইয়া হাবিবি’ পরিবেশন করেন। যদিও উপস্থিত অনেকেই আরবি বা উর্দু ভাষা বুঝতেন না, তবুও মহানবী হযরত মুহাম্মদ সা. এর নাম উচ্চারণে তারা গভীরভাবে প্রভাবিত হন।
তিনি জানান, পরিবেশনা শেষে একদল ফরাসি অংশগ্রহণকারী দোভাষীসহ মঞ্চের পেছনে এসে তাদের অনুভূতির কথা জানান। পরবর্তীতে আমজাদ সাবরি তাদের কাছে ইসলামের বার্তা তুলে ধরেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রায় ৪০০ থেকে ৫০০ জন কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করেন মুজাদ্দিদ।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ জুন করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত হন আমজাদ সাবরি। তিনি কিংবদন্তি সাবরি ব্রাদার্স পরিবারের সদস্য ছিলেন এবং উপমহাদেশে কাওয়ালি সংগীতকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

