ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর পর তার যে কোনো সম্ভাব্য উত্তরসূরিকেও লক্ষ্যবস্তু বানানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাৎজ জানান, আয়াতুল্লাহ খামেনীর সম্ভাব্য উত্তরসূরিকে টার্গেট করতে তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতোমধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানি সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা হবে। কাৎজের দাবি, ইরানি জনগণ বর্তমান সরকারকে উৎখাত ও পরিবর্তন না করা পর্যন্ত এই অভিযান চলবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার পুত্র মুজতবা হুসাইনি খামেনীর নাম সামনে আসছে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৮৮ সদস্যের ‘মজলিসে খোবরেগানে রাহবারি’ সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা হুসাইনি খামেনীর নামের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। তবে এ বিষয়ে তেহরান থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

