আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি মনে করেন, এতে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে পাকিস্তানের জন্যই তা লাভজনক হবে।
শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশকে সমর্থন দিলে দুই দেশের মধ্যে বিদ্যমান দূরত্ব কমবে এবং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
তিনি স্পষ্ট করে জানান, এই সমর্থন কোনো রাজনৈতিক দল বা সরকারের জন্য নয়; বরং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি হওয়া উচিত।
এর আগে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সরকার যে সিদ্ধান্ত নেবে, তার আলোকে তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত অবস্থান নেবে।
পিসিবি প্রধান মহসিন নকভি বলেন, বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণ অন্যায় হয়েছে এবং সব দেশের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত।
তিনি মনে করেন, নিরাপত্তাজনিত উদ্বেগকে উপেক্ষা করে কোনো দলকে বাদ দেওয়া গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়েছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করে। এর আগে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াও বিতর্ক সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা।

