আগামী ১১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ সফল ও সার্থক করতে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা এবং ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় উদ্যোগে ঢাকা বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহকারী বাইতুল মাল সম্পাদক ক্বারী হোসাইন আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিন, উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার রাজী, নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, ঢাক মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশণের মেয়রপ্রার্থী মাওলানা মুরশিদ সিদ্দিকী।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরী শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন কেন্দ্রীয় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের করণীয় এবং সম্মেলনকে সফল করতে বিভাগীয় ও মহানগর পর্যায়ের সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সম্মেলনের বার্তা সর্বস্তরের তরুণদের কাছে পৌঁছে দেওয়া, সাংগঠনিক জনশক্তিকে সক্রিয় করা এবং যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও সফল সম্মেলন আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

