গোপালগঞ্জে এখন চুয়াত্তরের ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

by Hasan Al-Mahmud

নিজস্ব প্রতিবেদক> গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। এ পরিস্থিতির কারণে জেলাটিতে এখন ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে বলে দাবি করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতায় গোপালগঞ্জে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সেবা কার্যক্রম ও সাপ্লাই চেইনে স্থবিরতা

রাশেদ খান তাঁর পোস্টে লেখেন, পেট্রলপাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এতে করে বিভিন্ন প্রতিষ্ঠানকেন্দ্রিক যে বিশাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা রয়েছে, সেটিও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এখন গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না এবং তাঁদের জন্য স্বাভাবিক দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণপ্রতিরোধের আহ্বান

পোস্টে আরও বলা হয়, থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না। এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভব হচ্ছে না। পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাশেদ খান লেখেন, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।

এ অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

banner

এ জাতীয় আরো সংবাদ