অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে অস্থায়ীভাবে বসানো ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা সরিয়ে পুনরায় হলের মূল নামফলক ‘শেখ মুজিবুর রহমান হল’ স্থাপন করা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে হল প্রশাসন ফটকের ওপরের ওই নাম সরিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
হল প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকে আগের নাম না থাকায় বহিরাগত, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা হলটি চিনতে গিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়ছিলেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ও নথিপত্রে মূল নাম থাকায় নতুন নাম ব্যবহারে প্রশাসনিক জটিলতারও সৃষ্টি হচ্ছিল। এসব কারণে শিক্ষার্থীরা মৌখিকভাবে আগের নামফলক পুনঃস্থাপনের দাবি জানালে প্রশাসন এই উদ্যোগ নেয়।
হলের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. জবান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মূল সনদপত্র ও নথিপত্রের সঙ্গে নামের অসঙ্গতি এবং শিক্ষার্থীদের দাবির মুখেই আগের নামটি নামফলকে ফিরিয়ে আনা হচ্ছে। হলের একাধিক শিক্ষার্থী ও ছাত্রনেতা জানান, নামে অস্পষ্টতা থাকার কারণে আগত ব্যক্তিদের হল শনাক্ত করতে সমস্যা হচ্ছিল।
এর প্রেক্ষাপটে দেখা যায়, গত বছরের ২০ ডিসেম্বর রাতে কিছু শিক্ষার্থী হলের গেটে থাকা মূল নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ ব্যানার ও লেখা টাঙিয়ে দেন। পরবর্তীতে নাম পরিবর্তনের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নামও ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাব ওঠে।
তবে চলতি বছরের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম চূড়ান্তভাবে না বদলিয়ে সিদ্ধান্তটি পুনরায় সিন্ডিকেটে ফেরত পাঠানো হয়। এর প্রতিবাদে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ পাঁচ প্রতিনিধি সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন। সিনেটের চূড়ান্ত অনুমোদন না থাকায় নাম সংক্রান্ত জটিলতা ঝুলন্ত অবস্থায় ছিল। অবশেষে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক নানা সমস্যা এড়াতে হল কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমান হলের আদি নামফলকটিই বহাল রাখার কাজ শুরু করেছে।

