অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
তনু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহত সোহাগী জাহান তনুর মা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এভাবে আসামিকে মুক্তি দেওয়া হলে ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়বে।
বুধবার (৪ আগস্ট) হাইকোর্টের জামিন আদেশের পর কুমিল্লা কারাগার থেকে হাফিজুর রহমান মুক্তি পান। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তনুর মা বলেন, “সরকার দেখি আমাদের বিপক্ষে। আসামি ধরে আবার ছেড়ে দিলে আমরা বিচার পাব কীভাবে? ন্যায়বিচার পাব কি না, তা নিয়েই এখন সন্দেহ তৈরি হয়েছে। বিচারের আগেই আসামিকে কেন ছেড়ে দেওয়া হলো—সরকারের কাছে এর জবাব চাই।”
ডিএনএ প্রতিবেদনের সূত্র ধরে চলতি বছরের ২১ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের প্রায় দুই মাস ১৩ দিন পর তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।
কুমিল্লা কারাগারের জেলার জাহিদুল আলম জানান, ৪ আগস্ট বিকেলে হাইকোর্টের জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেদিন সন্ধ্যা ৭টার দিকে হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়। তিনি কারাগারের ১০ নম্বর সেলে ছিলেন।
এদিকে কুমিল্লা আদালতের কোর্ট পরিদর্শক সাদিকুর রহমান বলেন, হাইকোর্ট থেকে আসামির জামিন পাওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া এখনও চলমান।
আর/

