ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ইরান, পাঠাবে ত্রাণ ও মেডিকেল টিম

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাস; উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত তেহরান

by ABDUR RAHMAN
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ইরান, পাঠাবে ত্রাণ ও মেডিকেল টিম

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার জন্য জরুরি মানবিক, চিকিৎসা ও উদ্ধার সহায়তা দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে পাঠানো এক শোকবার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই দুর্যোগের কঠিন সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান ভেনেজুয়েলার পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহযোগিতা দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত।

একই দিন সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, উদ্ধার অভিযানে প্রয়োজন হলে বিশেষ উদ্ধারকারী দল ও মেডিকেল টিম পাঠাতে ইরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, কারাকাসে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিও ভেনেজুয়েলার রেড ক্রসের কাছে সহায়তার প্রস্তাব পাঠিয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সর্বশেষ পাওয়া তথ্যে অন্তত ২৩৫ জনের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছেন। বহু ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জাতিসংঘের বিশেষজ্ঞ উদ্ধারকারী দলসহ আন্তর্জাতিক সহায়তাকারীরা ইতোমধ্যে ভেনেজুয়েলার পথে রয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্সসহ একাধিক দেশও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী ও জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে জরুরি ব্যবস্থাপনা জোরদার করা হলেও হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা, মেহের নিউজ, তাসনিম নিউজ এজেন্সি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ