আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় চিকিৎসাকর্মী, উদ্ধারকর্মী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার ভোরে লেবাননের সিরিয়া সীমান্তসংলগ্ন পূর্বাঞ্চলীয় ব্রিতাল শহরের উপকণ্ঠে নাবি শ্রেইজ এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতের কিছু পর পর্বতঘেরা ওই এলাকায় অন্তত পাঁচ দফা হামলার শব্দ শোনা যায়। হামলার পর আকাশজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হ্যানাওয়ে শহরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ-ঘনিষ্ঠ ইসলামিক হেলথ কমিটির চার উদ্ধারকর্মী নিহত হন। একই দিনে টাইর শহরের কাছে দেইর কানুন আল-নাহর গ্রামেও হামলা চালানো হয়। সেখানে দুই উদ্ধারকর্মী ও এক সিরীয় শিশুসহ কয়েকজন প্রাণ হারান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের সদস্যও রয়েছেন। সংস্থাটি শিয়া রাজনৈতিক দল আমাল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও সশস্ত্র সদস্যদের লক্ষ্য করেই অভিযান চালিয়েছে। তবে হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে টাইরের আশপাশের কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানান, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। এজন্য বুর্জ রাহালসহ কয়েকটি গ্রামের বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে চলেছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাও চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বহু নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একইসঙ্গে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন।
সূত্র: রয়টার্স, দ্যা গার্ডিয়ান
আর/

