অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত হত্যা আবারও বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকার মুখে “সবার আগে বাংলাদেশ” বললেও সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। তার ভাষায়, সীমান্ত হত্যা বন্ধে সরকারকে ভারতের কাছে কঠোর কূটনৈতিক অবস্থান নিতে হবে এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কাছে জবাবদিহি চাইতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সরকার কোনো স্পষ্ট রোডম্যাপ বা সময়সীমা ঘোষণা করেনি। “অতি দ্রুত নির্বাচন” বলা হলেও সেটি তিন মাস নাকি পাঁচ বছর—তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রশাসক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সমালোচনা করে বলেন, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে।
সংবাদ সম্মেলনে বিএনপিকেও কড়া ভাষায় সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের কথা বললেও বর্তমানে রাজনৈতিক আচরণে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তার দাবি, ক্ষমতার রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে এবং দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও সহিংসতার ঘটনা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচিত সরকার এলেই পরিস্থিতির উন্নতি হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে জনগণ তার সুফল পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনসিপির মুখপাত্র বলেন, সেখানে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ বিভিন্ন মাধ্যমে সামনে আসছে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানানো হচ্ছে। অতীতে এনআরসি আন্দোলনের সময়ও বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক শক্তি পশ্চিমবঙ্গের আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় দেশে হামের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। আসিফ মাহমুদ বলেন, বিষয়টিকে জাতীয় সংকট হিসেবে বিবেচনা করে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্যমতে, সাম্প্রতিক মাসগুলোতে দেশের কয়েকটি জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে ১০০ উপজেলা ও পৌরসভা পর্যায়ের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা হয়। দলটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে বলে জানানো হয়।
আর/

