তুরস্কের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
আন্টালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি শাহিন জানিয়েছেন, শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে নয়জনের মৃত্যু এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, আন্টালিয়ার থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন
কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্টালিয়াগামী ৩৪ জনকে বহনকারী বাসটি মহাসড়ক থেকে উল্টে যাওয়ার সময় হাইওয়ে থেকে ছিটকে পড়ে। তবে এতে কোনো বিদেশী নাগরিক ছিল কি-না, তা তিনি উল্লেখ করেননি।
কর্মকর্তারা আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও মনে হচ্ছে।
আন্টালিয়াকে ঘিরে অবস্থিত এই উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর বহু বিদেশী পর্যটক ভ্রমণ করেন।

