আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর আরব নিউজের।
ইসলামাবাদে দীর্ঘ দিনের অসুস্থতার পর তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে এজেকে প্রেসিডেন্ট কার্যালয়।
গতকাল রোববার বিকেল ৪টায় মিরপুরের কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ ক্রিকেট স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সুলতান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সুলতান মাহমুদ চৌধুরী আজাদ কাশ্মিরের জনগণের সেবায় সারা জীবন কাজ করেছেন এবং কাশ্মির ইস্যুতে তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা।
শাহবাজ শরিফ বলেন, কাশ্মিরিদের ওপর ভারতের নিপীড়নের বিরুদ্ধে সুলতান মাহমুদ চৌধুরী সবসময় সোচ্চার ছিলেন। কাশ্মির প্রশ্নে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
১৯৫৫ সালের ৯ আগস্ট মিরপুরের চিচিয়ান গ্রামে জন্ম নেয়া সুলতান মাহমুদ চৌধুরী রাওয়ালপিন্ডিতে পড়াশোনা শেষে যুক্তরাজ্যে গিয়ে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে দেশে ফিরে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। সুলতান মাহমুদ চৌধুরী ছিলেন কাশ্মিরের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিক। ২০২১ সালে তিনি এজেকে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর আগে তিনি একাধিকবার আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
সূত্র : আরব নিউজ

