নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
শাহবাগে এলজিবিটিকিউ (LGBTQ) গোষ্ঠীর কথিত অপতৎপরতা এবং এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ বলেন, “দীর্ঘদিন ধরে শাহবাগে এলজিবিটিকিউ গোষ্ঠী উস্কানিমূলক ও অপসংস্কৃতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।”
তিনি প্রশাসনের প্রতি দুই দফা দাবি জানান—দেশের কোথাও এ ধরনের কার্যক্রম পরিচালনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিনের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ বলেন, “সমাজবিরোধী কার্যক্রম কোনোভাবেই প্রমোট হতে দেওয়া হবে না।” তিনি সতর্ক করে বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী ওবায়দুর রহমান বলেন, বিদেশি প্রভাবের মাধ্যমে দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কার্যক্রম বিস্তারের চেষ্টা চলছে, যা প্রতিহত করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ সোহরাব দণ্ডবিধির ৩৭৭ ধারার প্রসঙ্গ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার অভিযোগ করেন, শাহবাগ এলাকায় নিয়মিত আপত্তিকর কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকলে রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি ও প্রতিবাদ তুলে ধরেন।

