প্রত্যর্পণে সম্মত ভারত, হাদি হত্যা মামলার আসামি ফিরছে বাংলাদেশে

দ্বিপাক্ষিক বৈঠকে ভিসা সহজ করা ও জ্বালানি সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছে ভারত

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে প্রত্যর্পণে সম্মত হয়েছে ভারত।

বিজ্ঞাপন
banner

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় উভয়পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হয়।

শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।”

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়েও অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধাকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।”

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আরও সহজ করা হবে।

এছাড়া বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ড. খলিলুর রহমান সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান। জবাবে ভারতের তেলমন্ত্রী শ্রী হরদীপ পুরী এ বিষয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ