আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
অধিকৃত পশ্চিম তীরের সালফিত শহরের পশ্চিমে সারতা গ্রামে অভিযানের সময় মুস্তফা আল-খাতিব নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও স্বজনদের অভিযোগ, ইসরাইলি সেনারা তার বাড়িতে অভিযান চালিয়ে শোবার ঘরের ভেতরেই তাকে লক্ষ্য করে গুলি চালায়।
নিহতের চাচা ইয়াসিন আল-খাতিব জানান, অভিযানের সময় মুস্তফা ঘুমিয়ে ছিলেন। দরজায় শব্দ শুনে ঘুম থেকে উঠে পোশাক পরার চেষ্টা করলেও কিছুটা দেরি হওয়ায় সেনারা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার শোবার ঘরে ঢুকে বুকে, মাথায় ও হাতে একাধিক গুলি করে।
পরিবারের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে চাইলে ইসরাইলি বাহিনী তা করতে বাধা দেয়। পরে সেনারা এলাকা ত্যাগ করলে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মুস্তফাকে উদ্ধার করেন। তবে এর আগেই তিনি মারা যান বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) রাতে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
পশ্চিম তীরে প্রায়ই গভীর রাতে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের আটক ও গুলি করার অভিযোগ ওঠে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। বিভিন্ন মানবাধিকার সংস্থার ভাষ্য, এসব অভিযানে বহু সাধারণ ফিলিস্তিনিও প্রাণ হারাচ্ছেন বা আহত হচ্ছেন।
ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেকই কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা বিচার ছাড়াই আটক অবস্থায় আছেন।
আর/

