নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং গত জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসনে রিকশা মার্কার প্রার্থী মুফতি রাকীবুল ইসলাম শিবপুরের রাস্তা-ঘাটের উন্নয়ন বিষয়ে সংসদে দেওয়া এমপি মনজুর এলাহীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সংসদে এমপি মহোদয় বলেছেন যে শিবপুর উপজেলার শতকরা ৯৯ ভাগ রাস্তা পাকা হওয়ায় তিনি নতুন রাস্তার জন্য বরাদ্দ চাইবেন না। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শিবপুরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ এলাকায় এখনো অনেক সড়ক কাঁচা অবস্থায় রয়েছে। এছাড়া অনেক পাকা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা।এবং প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা। কিন্তু এলাকার অবকাঠামোগত সমস্যাগুলো উপেক্ষা করে বাস্তবতার সঙ্গে অসঙ্গত বক্তব্য প্রদান জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি শিবপুরের সকল কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ, ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

