শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি প্রিন্সিপাল রাকীবুল ইসলামের

চিকিৎসক-নার্সের সংকট, দায়িত্বে অবহেলা, সেবার অনিয়ম ও রোগীদের দুর্ভোগের অভিযোগ; নিরপেক্ষ তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান।

by ABDUR RAHMAN
শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি প্রিন্সিপাল রাকীবুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনা, চিকিৎসাসেবার সংকট এবং সাধারণ মানুষের দুর্ভোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং গত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকের পরিবর্তে ড্রাইভার দিয়ে সেলাইয়ের মতো সংবেদনশীল চিকিৎসাকাজ করানো এবং ন্যূনতম সেবা নিশ্চিত না করেও কেবিনের জন্য অগ্রিম ৫০০ টাকা ও প্রতিদিন ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এছাড়া প্রয়োজনীয় রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং সরকারি ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রিন্সিপাল রাকীবুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ সদস্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও জনভোগান্তি দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি; বরং সময়ের সঙ্গে সংকট আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ ও প্রতিবাদ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি অবিলম্বে হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বৃদ্ধি, সরকারি ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ