সৌদিতে বড় অভিযান: এক সপ্তাহে আটক প্রায় ১৫ হাজার, বহিষ্কার ১২ হাজারের বেশি

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে যৌথ অভিযানে ১৪,৭৯৬ জন আটক; আইনি প্রক্রিয়ায় আরও ৩০,২৫৭ প্রবাসী

by ABDUR RAHMAN
সৌদিতে বড় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে যৌথ নিরাপত্তা অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫০৪ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৩ হাজার ৭৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এবং ৩ হাজার ৫০৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

এ ছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার, ৪৪ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়।

অভিযানের এক সপ্তাহে মোট ১২ হাজার ৫৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ১৮ হাজার ৬৭৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৩ হাজার ৪৮৭ জনকে নিজ দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগেও অভিযান চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে দেশটিতে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী।

এদিকে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর সতর্কবার্তাও দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, তাদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তি জব্দ করার বিধানও রয়েছে।

আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

সূত্র: গালফ নিউজ

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ