চার্জশিট থেকে আ. লীগের চার প্রভাবশালী নেতা বাদ, শহীদ সাদ হত্যা মামলায় পুনঃতদন্ত দাবি এনসিপির

ধামরাইয়ে শহীদ সাদ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন; ওসি, তদন্ত কর্মকর্তা ও সার্কেল এসপির অপসারণসহ ৫ দফা দাবি

by ABDUR RAHMAN
চার্জশিট থেকে আ. লীগের চার প্রভাবশালী নেতা বাদ দেওয়ায় পুনঃতদন্ত দাবিতে এনসিপির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঢাকার ধামরাইয়ে জুলাইয়ের আন্দোলনে শহীদ সাদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মামলার চারজন গুরুত্বপূর্ণ আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগ এনে পুনঃতদন্তের দাবি জানিয়েছে দলটির নেতারা।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ধামরাই উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম (মুকুল)। এ সময় ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুম খান এবং সদস্য আহমদ আল জামানকে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

আসাদুল ইসলাম (মুকুল) বলেন, মামলার তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের পরিবর্তে প্রভাবশালী চার আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি দাবি করেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত ও ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন ছিল। কিন্তু মামলার চূড়ান্ত প্রতিবেদন না দিয়ে কেবল চারজনের পক্ষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কারণ নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বর্তমান তদন্ত প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে সংশ্লিষ্ট থানার ওসি, তদন্ত কর্মকর্তা এবং সার্কেল এসপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। বক্তারা বলেন, তাদের অধীনে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত হওয়া সম্ভব নয়।

এ সময় পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— বর্তমান ওসি, তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট সার্কেল এসপিকে মামলার দায়িত্ব থেকে অপসারণ, উচ্চপর্যায়ের নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পুনঃতদন্ত, বাদ পড়া আসামিদের পুনরায় তদন্তের আওতায় আনা, রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করা এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিল।

এনসিপির নেতারা বলেন, শহীদ সাদের পরিবার ও ধামরাইবাসী কোনো প্রহসনের বিচার মেনে নেবে না। তারা প্রতিহিংসামূলক বা মিথ্যা মামলা চান না, তবে প্রকৃত অপরাধীদের রক্ষার কোনো অপচেষ্টাও মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিতর্কিত তদন্ত প্রতিবেদন পুনর্বিবেচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ