নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শাস্তির ব্যবস্থা এবং ক্যাম্পাসে ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
গতকাল ০৪ অক্টোবর ২০২৬, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, সরঞ্জাম ভাঙচুর এবং শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দেওয়া এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মদ দিদারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক সন্ত্রাসের ক্ষেত্র হতে পারে না। শিক্ষাঙ্গনে মতের ভিন্নতা, বিতর্ক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে; কিন্তু শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

নেতৃবৃন্দ উল্লেখ করেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজের অন্যতম ভিত্তি। সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও সত্য প্রকাশ করতে গিয়ে যখন হয়রানির শিকার হন, তখন মানুষের জানার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতাই সরাসরি আক্রান্ত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাসে সহাবস্থান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দখলদারিত্ব ও পেশিশক্তির রাজনীতির অবসান ঘটাতে হবে। সন্ত্রাস নয়, যুক্তি ও শান্তিপূর্ণ আলোচনাই রাজনৈতিক মতপার্থক্য নিরসনের একমাত্র পথ।

