র‌্যাবের রূপান্তর ও নাম পরিবর্তন: গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কঠোর আইনের তাগিদ এমপি ইকবালের

র‌্যাবের সংস্কার ও নাম পরিবর্তনের প্রস্তাবে সমর্থন জানিয়ে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বক্তব্য; দলীয় স্বার্থে এই বাহিনীকে অপব্যবহার না করার আহ্বান।

by ABDUR RAHMAN
র‌্যাবের রূপান্তর ও নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সন্ত্রাস দমনে গঠন করা এলিট ফোর্স র‌্যাবকে বিগত সরকারের আমলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। একইসঙ্গে র‌্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নতুন আইন ও বাহিনীটির কাঠামোগত পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার জাতীয় সংসদে র‌্যাবের পুনর্গঠন ও নতুন নামকরণ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং শীর্ষ সন্ত্রাসীদের দমনে একসময় অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছিল এই বাহিনী। শুরুতেই তাদের কর্মকাণ্ডে সন্ত্রাসীদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছিল, যা সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করেছিল।

তবে পরবর্তী সময়ে রাজনৈতিক উদ্দেশে এই বাহিনীকে চরমভাবে অপব্যবহার করা হয় বলে দাবি করেন এই জনপ্রতিনিধি। তিনি উল্লেখ করেন, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে বাহিনীটিকে ব্যবহার করা হয়েছে।

সংসদে নিজের বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দল যেমন—বিএনপি, জামায়াতে ইসলামী এবং মাদরাসার সাধারণ শিক্ষার্থীদের ধরে এনে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো। পরবর্তীতে তাদের জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হতো এবং বহু নেতাকর্মীকে দিনের পর দিন গুম করে রাখা হতো।

র‌্যাবের হারানো ভাবমূর্তি ফেরাতে সরকার প্রধানের দেওয়া নাম পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কেবল সাইনবোর্ড বা নাম পরিবর্তন করলেই মূল সমস্যার সমাধান হবে না। নতুন গঠন হতে যাওয়া বাহিনীর কার্যপদ্ধতি ও জবাবদিহিতাতেও বড় ধরনের পরিবর্তন আনা জরুরি।

ভবিষ্যতে যেন কোনো সরকারই নিজেদের দলীয় স্বার্থে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে একটি যুগোপযোগী ও শক্তিশালী আইন প্রণয়নের প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে নতুন এই বাহিনীকে কোনো ধরনের দলীয়করণ না করার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এই আইনপ্রণেতা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ