অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
আদর্শ, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়তে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।
শুক্রবার বিকেলে পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আরিফুল হকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, একটি আদর্শ, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়তে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আরিফুল হকের প্রতি সমর্থন জানানোর জন্য উপস্থিত এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আরিফুল হক পুটিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক পুটিয়া ইউনিয়ন গঠনে ঐক্যবদ্ধভাবে মোহাম্মদ আরিফুল হকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবীণ ব্যক্তি মোহাম্মদ হাফিজুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আনোয়ার মাহমুদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি ওয়ালীউল্লাহ ও মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা সহসভাপতি কারী সানাউল্লাহ, যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহ, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উবায়দুল হক, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং ৫ নম্বর ওয়ার্ড সভাপতি কারী আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুটিয়া ইউনিয়নের উন্নয়ন, জননিরাপত্তা ও ন্যায়ভিত্তিক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।


