সংস্কার ও শেখ হাসিনার বিচার না হলে বিএনপি সরকারের পতনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নওগাঁর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়কের বক্তব্য; রাষ্ট্র সংস্কার, বিচার, বন্যা পরিস্থিতি ও ভারত প্রসঙ্গেও নানা মন্তব্য।

by ABDUR RAHMAN
সংস্কার ও শেখ হাসিনার বিচার না হলে বিএনপি সরকারের পতনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাষ্ট্র সংস্কার ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ‘খুনিদের’ বিচার নিশ্চিত করা হবে এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন
banner

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার এখনো সম্পন্ন হয়নি। আওয়ামী লীগের যেসব নেতা বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও বিচার প্রক্রিয়া বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর যাদের কাছে বিভিন্ন স্ট্যান্ড ও ব্যবসা দখলের অর্থ গেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, এনসিপি একটি সভ্য বাংলাদেশ গড়তে চায়, তাই ভদ্র আচরণ করছে। তবে কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে ‘বাড়াবাড়ি’ করলে তার জবাব দিতে দল জানে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের বন্যায় বহু মানুষের প্রাণহানি হলেও দুর্গত মানুষের পাশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর উপস্থিতি দেখা যায়নি। তিনি বলেন, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে জনগণের দুর্ভোগের সময় অনেক জনপ্রতিনিধিকে খুঁজে পাওয়া যায় না।

ভারত প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ভারতের বিজেপি ও আরএসএসকে উদ্দেশ করে বলতে চান, বাংলাদেশের মানুষ অতীতের বিভিন্ন গণআন্দোলনে যেমন লড়াই করেছে, ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ