ওলামাদের রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে দেখতে চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

খেলাফত আন্দোলনের আলোচনা সভায় ওলামাদের জাতীয় নেতৃত্বের আহ্বান; জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্যের ওপর জোর

by ABDUR RAHMAN
ওলামাদের রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে দেখতে চায় এনসিপি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি করার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; জাতির নেতৃত্ব গ্রহণেও তাদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, সব ধরনের মতপার্থক্য দূরে রেখে যদি ওলামারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত হন, তবে তাদের নেতৃত্বে কাজ করতে এনসিপিও প্রস্তুত থাকবে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (সকাল) রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি সরকারের প্রতিপক্ষ নয়; বরং সরকারকে সতর্ক করা এবং সঠিক পথে সহযোগিতা করাই তাদের বক্তব্যের মূল উদ্দেশ্য। তিনি দাবি করেন, তাদের সমালোচনাকে বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই।

দেশের বৃহত্তর স্বার্থে বিভিন্ন ইসলামী ধারা ও রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেওবন্দী, আহলে হাদীস, সুন্নি এবং জামায়াতসহ বিভিন্ন পক্ষ কয়েকটি মৌলিক বিষয়ে একসঙ্গে কাজ করলে দেশ গঠনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমী বলেন, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরও জনগণ প্রত্যাশিত সুফল পায়নি। তাঁর ভাষ্য, বাকস্বাধীনতাও নিশ্চিত হয়নি। তিনি সরকারের প্রতি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা আবুল কাসেম কাসেমী, আলী মাকসুদ খান মামুন এবং রফিকুল ইসলাম বাবুলসহ অন্যরা।

রাশেদ প্রধান বলেন, দেশে বাকস্বাধীনতা নেই—এর প্রমাণ হিসেবে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সহযোগীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সরকার জুলাই সনদের পরিবর্তে নিজেদের এজেন্ডা বাস্তবায়নেই বেশি মনোযোগী। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে তিনি অভ্যুত্থান নয়, ভবিষ্যতের বিপ্লবের পূর্বাভাস হিসেবে দেখেন।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, দ্বিতীয়বার স্বাধীনতার দাবির পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্য, তেল ও গ্যাসসহ বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি নাগরিক অধিকার আদায়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ