অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের কনফারেন্স হলে প্রবীণ আলেম ও বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদরাসার দীর্ঘদিনের সাবেক সফল মুহতামিম হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ২৪ আগস্ট বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদরাসা পরিচালনা কমিটি ইউকের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটি ইউকের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহিদ। কমিটির সেক্রেটারি আবু ইয়াসিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. এর দীর্ঘ কর্মময় জীবন ও দ্বীনি অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও মদিনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ, জামেয়া মাদানীয়া বিশ্বনাথের সহকারী পরিচালক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ।
এ ছাড়া ট্রাস্টের সাবেক সভাপতি শিশু মিয়া, সাবেক সেক্রেটারি আঙ্গুর আলী, আব্দুস শহীদ, আনসার আহমদ, আবুল কালাম, আলহাজ্ব নূর বখশ, হাজী আহবাব মিয়া, হাজী আব্দুল কুদ্দুস, মাওলানা মুসা চৌধুরী, হাফিজ মাওলানা আদনান আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব। তিনি আজীবন একনিষ্ঠভাবে দ্বীন ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন।
তারা আরও বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। নিজ হাতে কঠোর পরিশ্রম করে অসংখ্য আলেম-ওলামা তৈরি করে গেছেন। দ্বীন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভার পর মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. এর মাগফিরাত ও দরজা বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতী সালেহ আহমদ।

